
রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের সংখ্যা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মূলধন ঘাটতি এবং ভালো সেবা প্রদান করতে অপারগতার ফলে সরকার বড় ধরনের কাঠামোগত সংস্কারের পদক্ষেপ নিতে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূত করার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ লক্ষ্যে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং এতে বেসিক ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি ও নগদ আদায়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভার কার্যপত্র অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, গত ৯ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ কমানোর জন্য নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতেই এই সভা আহবান করা হয়।
