
বৃহস্প্রতিবার (০৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “Scientific lifestyle & Nutritional Food habit” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি খামারবাড়ির উদ্যোগে ও রাজশাহী কৃষি সম্প্রসারণের সহযোগিতায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসের অফিসার ড. মো. মোতালেব হোসেন এবং প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হলো বসতবাড়ির অব্যবহৃত পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও মসলা চাষের মাধ্যমে পুষ্টিহীনতা মোকাবেলা করা, নিরাপদ খাদ্যের অভাব পূরণ করা, এবং কৃষকদের আয় বৃদ্ধি ও পরিবেশের উন্নয়ন করা। এটি কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
কৃষকদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বছরের সকল সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুষ্টির চাহিদা পূরণ করা হচ্ছে। ফলস্বরূপ, পরিবারের সদস্যদের জন্য তাজা ও পুষ্টিকর শাকসবজি, ফলমূল ও মসলার জোগান সহজতর হচ্ছে, এবং বাজার থেকে সবজি কেনার খরচ বাদ দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকেরা অতিরিক্ত শাকসবজি বিক্রি করে আয়ও করছে। এই প্রকল্পের অংশ হিসেবে ভার্মি কম্পোস্ট সেট স্থাপনা করা হচ্ছে।
কর্মশালায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ, কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিএডিসি, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
